আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার উন্মোচন করবেন।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, বিএনপির ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদকে ভিত্তি করে এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ ভোটারদের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে। জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে।
এ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামো গঠনের রূপরেখা তুলে ধরা হবে। মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও পররাষ্ট্রনীতিতে দলের অবস্থানও ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি আলেম-ওলামা, কৃষক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতিও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: কালের কণ্ঠ
[news_photocard_button text=”ডাউনলোড ফটোকার্ড”]







