ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হালকা যুদ্ধবিমান তেজস আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। চলতি মাসের ৭ ফেব্রুয়ারি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে বিমানঘাঁটিতে অবতরণের সময় ব্রেক বিকল হওয়া বা অনবোর্ড সিস্টেমে ত্রুটির কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, অবতরণের সময় ব্রেক সিস্টেম সাড়া না দেওয়ায় বিমানটি নিয়ন্ত্রণ হারায়। এতে কাঠামোগতভাবে গুরুতর ক্ষতি হওয়ায় বিমানটিকে কার্যত অচল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার পর প্রযুক্তিগত ত্রুটি নির্ণয়ে প্রায় ৩০টি তেজস জেটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

দুর্ঘটনার পর আগুন ধরে যায় তেজস যুদ্ধবিমানে। ছবি : এনডিটিভি
দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে ইজেকশন করতে সক্ষম হন এবং তিনি গুরুতর আহত হননি বলে জানানো হয়েছে।
এটি তেজস যুদ্ধবিমানের তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালের মার্চে জয়সলমেরের কাছে একটি তেজস বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ারশোতে প্রদর্শনীর সময় আরেকটি তেজস বিমান দুর্ঘটনায় পড়ে, সে ঘটনায় পাইলট নিহত হন।
তবে সর্বশেষ দুর্ঘটনা সম্পর্কে ভারতীয় বিমানবাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: ইত্তেফাক







