লা লিগার শীর্ষস্থান দখল করল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে দলটি। ফলে শীর্ষস্থান হারাতে হয়েছে বার্সেলোনাকে।
কোপা দেল রে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই লিগে আরেকটি ধাক্কা খেল কাতালানরা। শনিবারের ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে বার্সেলোনাকে দুই পয়েন্ট পেছনে ফেলেছে রিয়াল।
এই ম্যাচে কিলিয়ান এমবাপে বেঞ্চেই ছিলেন। বাঁ হাঁটুর অস্বস্তির কারণে সাম্প্রতিক অনুশীলনে নিয়মিত দেখা যায়নি তাকে। শুক্রবার কোচ আলভারো আরবেলোয়া তাকে খেলানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ঝুঁকি নেননি। ফলে এমবাপের মাঠে নামার প্রয়োজন হয়নি। একইভাবে হ্যামস্ট্রিং চোটে জুড বেলিংহামও ছিলেন দর্শক সারিতে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত রিয়াল এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। লিগের শীর্ষে উঠে তারা শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল।
অন্যদিকে, সোমবার জিরোনার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যেই সেই ম্যাচে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পাবলিকিয়ান টুডে /এন।







