ভোটকেন্দ্রেই জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম রাখা হলো খালেদা। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। পরে নবজাতকের নাম রাখা হয় ‘খালেদা’। এ ঘটনার খবর পেয়ে মা ও নবজাতককে দেখতে আসেন সিরাজগঞ্জ জেলা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
রোববার (১৫ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে ওই শিশুটির বাড়িতে গিয়ে মা ও শিশুর খোঁজখবর নেন তিনি। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ৮১ নম্বর বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে কেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। পরে পরিবার ও স্বজনরা নবজাতকের নাম রাখেন ‘খালেদা’। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।
এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় কাপড় এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়।
নবজাতকের মা মোছা. আম্বিয়া খাতুন। তার স্বামীর নাম মো. শরিফ আলী। তাদের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে, পশ্চিম পাড়া (দর্গাতলা বাজার সংলগ্ন) এলাকায়। স্থানীয়রা এটিকে স্মরণীয় একটি ঘটনা হিসেবে দেখছেন।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







