আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোট প্রদান সহজ করতে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার জন্য চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্রের নাম, ঠিকানা এবং ভোটার নম্বর জানতে পারবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপের ড্যাশবোর্ডে গিয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ প্রদান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
এছাড়া হটলাইন নম্বর ১০৫-এ কল করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। কলের পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে এবং এতে কোনো খরচ লাগবে না।
ভোটাররা এসএমএসের মাধ্যমেও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে নির্বাচনি এলাকা ও উপজেলা বা থানা নির্বাচন করলে কেন্দ্রের তালিকা দেখা যাবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান ও যাতায়াতের পথ দেখার সুবিধাও রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের ভোগান্তি কমানো এবং সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এসব ডিজিটাল সেবা চালু করা হয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: কালবেলা







