আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা–১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার অভিযোগ, অতীতের মতো এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে পারে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তার ভাষ্য, পরিকল্পিতভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম বিভিন্ন স্থানে অর্থের বিনিময়ে নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় পুরো নির্বাচনি প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
এনসিপির এই নেতা দাবি করেন, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপও বাড়ছে। তার মতে, কিছু বিদেশি পক্ষ প্রকাশ্যে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে।
একই সঙ্গে গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, দেশের অধিকাংশ গণমাধ্যম একতরফাভাবে একটি দলকে প্রাধান্য দিচ্ছে।
এর আগে সকালে তিনি মাটির মসজিদ এলাকায় নারী ভোটারদের এক সমাবেশে অংশ নেন।
পাবলিকিয়ান টুডে/ এবি|যুগান্তর







