বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মাহেদী হাসান-এর মা মমতাজ বেগম আর নেই।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি গভীর শোকও প্রকাশ করেছে।
বিসিবির শোকবার্তায় বলা হয়েছে, “মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। আমরা শেখ মাহেদী হাসান ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
৩১ বছর বয়সী মাহেদী ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
মাহেদীর এই দুঃসময়ে জাতীয় দলের সতীর্থ, কোচিং স্টাফ এবং ক্রিকেট-সংশ্লিষ্ট অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তারা তাঁর ও পরিবারের জন্য মানসিক শক্তি ও ধৈর্য কামনা করেছেন।মমতাজ বেগমের জানাজা আজ জোহরের নামাজের পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সূত্র: রাইজিংবিডি







