গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘ প্রায় ১৯ মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে স্থানীয় নেতাকর্মীদের।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা যায়।
জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দিয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, ‘এই পরিস্থিতিতে কিভাবে কারা এসব করছে, আমরা জানি না। যদিও কোনো নাশকতা হতে দেখিনি, তবে আশংকা উড়িয়ে দেয়াও যাবে না।’
পতাকা উত্তোলনের বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। লোকমুখে শুনেছি। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার তুমুল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা গা ঢাকা দেয়। ফলে অনির্দিষ্টকালের জন্য এই উপজেলা কার্যালয় তালাবদ্ধ হয়ে যায় এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।






