মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। এই মামলা দায়ের করেন আমিরুল ইসলাম নামের একজন ব্যক্তি।
তবে সামাজিক মাধ্যমে মেহজাবীন জানান, তিনি এই বাদীকে চেনেন না এবং বিষয়টিকে ‘হয়রানি’ হিসেবে উল্লেখ করেন।
বাদী আমিরুল ইসলামের বাবার নাম মৃত সাদেক আলী। তিনি বর্তমানে ক্যান্টনমেন্ট থানার মানিকদির নামাপাড়ায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি ফেনী সদরের ফতেহপুরে।
মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘ পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমিরুল ইসলামের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন চৌধুরী। বিনিময়ে তাকে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দেওয়া হয়েছিল।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবসায়িক উদ্যোগ না নেওয়ায় আমিরুল টাকা চাইতে গেলে বিভিন্ন সময় ‘আজ-কাল’ করে কালক্ষেপণ করা হয়।
এজাহারে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও ৪–৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে গালিগালাজ করেন।
তারা বলেন, “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না; তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।”
এভাবে বাদীকে জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।
ঘটনার পর আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।
মামলার ধার্য তারিখে আসামিরা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে গ্রেপ্তার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







