নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মাহমুদ হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ সদর ইউনিয়নের জাহাঙ্গীর এলাকার বাসিন্দা।
তিনি কুদরত আলীর ছেলে এবং স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় কাঞ্চন সেতুমুখী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলে থাকা দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, “পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।
পাবলিকিয়ান টুডে/ এন। ঢাকা পোস্ট







