ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোগান্তি কমাতে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘Smart Election Management BD’ নামের এই অ্যাপের মাধ্যমে ভোটাররা খুব সহজেই জানতে পারবেন তারা কোন কেন্দ্রের ভোটার এবং তাদের ভোটকেন্দ্র কোথায় অবস্থিত।
এই অ্যাপে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রদান করলেই সংশ্লিষ্ট ভোটারের ভোটকেন্দ্র সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থেই এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।
এ বিষয়ে ইসি’র জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘Smart Election Management BD’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে।
অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, দূরত্ব এবং ম্যাপ দেখা যাবে। পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনী ফলাফলসহ নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচন কমিশনের মতে, এই অ্যাপ চালুর মূল উদ্দেশ্য হলো ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় আরও সক্রিয় ও সচেতন করে তোলা। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে নির্বাচনকে আরও স্বচ্ছ, সহজ ও অংশগ্রহণমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটার এবং যাদের ভোটকেন্দ্র সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে ইসি। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু ভোটকেন্দ্র খোঁজার মাধ্যম নয়, বরং সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়াকে ধীরে ধীরে ডিজিটালাইজ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







