পবিত্র রমজান মাসজুড়ে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। গত ৫ জানুয়ারি তিনি এ বিষয়ে সরকারকে একটি আইনি নোটিশও পাঠান।
নোটিশটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরণ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৯৮ শতাংশ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা বিদ্যমান, যা আইন ও নীতির অংশ হিসেবে বিবেচ্য। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইনের শাসনের কথা উল্লেখ রয়েছে এবং ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী, আইন বলতে বাংলাদেশে বলবৎ যেকোনো প্রথা ও রীতিকেও বোঝায়। সে প্রেক্ষাপটে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করা হয়।
রিটে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সারাদিন বিদ্যালয়ে যাতায়াত ও পাঠদানে অংশ নিয়ে ক্লান্ত হয়ে পড়ে, যা রোজা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এতে শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায় বলেও নোটিশে উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট আবেদন করা হয়।
হাইকোর্টের এই আদেশের ফলে রমজান মাসে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে নতুন নির্দেশনা কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: কালবেলা






