রাজধানীর মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের মনা মোটরস সার্ভিসং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ইরফান (১১)। এদের মধ্যে সার্ভিসিং সেন্টারটির মালিক মনা ও কর্মচারী ইরফানকে জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। বাকিরা ১ থেকে ৫ শতাংশ দগ্ধ হয়েছেন। চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্ধারকারী প্রতিবেশী আরমান বলেন, মনা মোটরস সার্ভিসিং সেন্টারে রাখা একটি প্রাইভেটকার থেকে আগুনের সৃষ্টি হয়। এতে সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







