রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের নোবেলখ্যাত আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ–এর ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ৯ম বারের মতো আয়োজিত এই গ্র্যান্ড ফাইনালটি ৪ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়।
হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হয় এবং বিশ্বজুড়ে “শিক্ষার্থীদের নোবেল” হিসেবে পরিচিত। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক সামাজিক সমস্যার উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক সমাধান উপস্থাপনের সুযোগ পেয়ে থাকে।
গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম “SIPSAFE”। প্রথম রানার্সআপ হয় টিম “বুনন বাজার” এবং দ্বিতীয় রানার্সআপের স্থান অধিকার করে টিম “The Conquerors”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাডভাইজার ড. মো. আমিরুল ইসলাম। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে VRC Study Abroad, খান তেহেরি ঘর, REMARK, Global Heights এবং Valvoline।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাল্ট প্রাইজের মতো আন্তর্জাতিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাধারা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







