ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এ অঞ্চলে ভোট হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য, নির্বাচনকে ঘিরে খুলনা বিভাগে কোনো ধরনের শঙ্কা নেই। ভোটগ্রহণ হবে উৎসবমুখর পরিবেশে, আর ভোট ও ফলাফল নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই।
নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, মোট সাত দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও দুই দিন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার থাকবে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, এক লাখের বেশি সেনাসদস্য, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, চার হাজার কোস্টগার্ড, সাড়ে তিন হাজার নেভি সদস্য, প্রায় এক লাখ পুলিশ, ৩৭ হাজার বিজিবি, ৯ হাজার র্যাব এবং সবচেয়ে বড় শক্তি হিসেবে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি থাকবে।
গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি বিবেচনায় যেসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের উচিত আগের মতোই সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ করা। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য কখনো কখনো পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যেতে পারে।
পাবলিকিয়ান টুডে/ এবি|ইত্তেফাক







