ব্রাজিল-এ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকা ও মোটরসাইকেলপ্রেমী কার্লা থাইনারা। মেয়ের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়ে শোক সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন তার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, কার্লা থাইনারার মোটরসাইকেল একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। ঠিক সেই সময় পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কার্লার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা ঘটনাস্থলে পৌঁছান। তিনি ছিলেন রিজার্ভ সামরিক পুলিশের একজন কর্মকর্তা।
মেয়ের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়ে তিনি ঘটনাস্থলেই নিজের জীবন শেষ করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
কার্লা থাইনারা সামাজিক যোগাযোগমাধ্যমে মোটরসাইকেল চালানো, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ছিল ৬০ হাজারেরও বেশি। জানা গেছে, তিনি একজন কন্যাসন্তানের মা।
এই দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, এটি শুধু একজন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্বের মৃত্যু নয়, একই সঙ্গে একটি পরিবারের দুই সদস্যের করুণ পরিণতি।
পাবলিকিয়ান টুডে / এন। সূত্র: সময়ের আলো







