সিরাজগঞ্জ-১ আসনের বাগবাটী ইউনিয়নের হরিণা গোপাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ক্যাম্পে রাতের আঁধারে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীরা জানান, গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত হরিণা গোপাল গ্রামের ওই অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পে থাকা কাপড়, ব্যানার ও আসবাবপত্র পুড়ে যায়। সকালে এলাকাবাসী পোড়া ক্যাম্পটি দেখতে পেয়ে দলীয় নেতাদের খবর দেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে গর্ভবতী নারী জামায়াত নেত্রীর পেটে লাথি, বিএনপির বিরুদ্ধে কেন্দ্র থেকে প্রতিবাদ
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম। তিনি ঘটনাটিকে “গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা” হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, নির্বাচনী প্রচারণা ব্যাহত করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রার্থীর অভিযোগের পর সকালেই ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, পোড়া আলামত সংগ্রহ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে”।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অস্ত্রধারী চারজন শনাক্ত, গ্রেপ্তার নেই
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যে নির্বাচনী নিরাপত্তা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







