বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন আদেশ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর কাঠামোগত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাবলিকিয়ান টুডে/ এ|মূলসূত্র: কালের কণ্ঠ







