শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা সংকট ও অচলাবস্থার কারনে যে সেশন জট তৈরি হয়েছে সেটা কমিয়ে আনার জন্য ৪মাসে সেমিস্টার করা ও গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে শাবিপ্রবিকে বের করে এনে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করাসহ মোট ৫দফা দাবি উত্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবিসমূহ উত্থাপন করেন শিক্ষার্থীরা।
এসময় ৫দফা দাবি পাঠ করে শুনান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো: নাসিম। এছাড়াও বিভিন্ন বিভাগ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম সরওয়াউদ্দিননের কাছে দাবি সম্বলিত একটি কপি পেশ করেন শিক্ষার্থীরা।
দাবিসমূহ:
১। আগামি ৩সেমিস্টার পর্যন্ত ৪ মাস সময় নিয়ে সেমিস্টার শেষ করতে হবে।
২।গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে এককভাবে বিভিন্ন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে।
৩। বিগত আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত এবং হলে অস্ত্র ও মাদকের সাথে জড়িত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে
৪। ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিল করতে হবে
৫। কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত রিডিং রুমের ব্যবস্থা করতে হবে।
৫দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণ করতে আমরা কার্যকর ব্যবস্থা নেব। আমরাও চাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে সেশনজট সমস্যার সমাধান করতে। আশা করি খুব দ্রুতই এ সংকট থেকে উত্তরণ করতে পারব।’






