ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিজনক পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক গ্রেপ্তার
পড়ুন: ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেপ্তার: বিবি সাওদা ইস্যুতে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখছে জামায়াত
থানা সূত্রে জানা যায়, মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু আমির চৌধুরীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি পোস্ট করেন। পরে বিষয়টি পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপার নজরে এলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল রাত ২টায় অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে আদালতের নেওয়া হলে তাকে কারাগারে পাঠানো হয়।
সূত্র: টিডিসি







