লিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে সম্ভাব্য রদবদল নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আরকি।” তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।
এদিকে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন আহ্বান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ অধিবেশন আহ্বান করবেন। তিনি বলেন, অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ-সংক্রান্ত সারসংক্ষেপ সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর অধিবেশন আহ্বান করা হবে।
মন্ত্রী আরও জানান, আসন্ন অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোও উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ থাকবে এবং অন্যান্য নৈমিত্তিক কার্যক্রম সম্পন্ন হবে।
নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো আলোচনা হয়নি। তবে স্পিকার নির্বাচন পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।
মোহাম্মদপুরের আদাবরে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
পাবলিকিয়ান টুডে/ এ|মূলসূত্র: প্রথম আলো







