দেশের বাজারে স্বর্ণের দামে আবারও হয়েছে বড় পতন। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সংস্থাটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে।
আরও পড়ুন: মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি
আরও পড়ুন: রমজান জুড়েই বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা
সর্বশেষ নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে। বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি বাড়তে বা কমতে পারে।
এর আগে সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ৩০ দফা স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বেড়েছিল, কমেছিল ২৯ বার।
অন্যদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১০ দফা বেড়েছে এবং ৭ দফা কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় হয়েছিল মোট ১৩ বার; এর মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল ৩ বার।
পাবলিকিয়ান টুডে/এফএ
সূত্র: ইত্তেফাক







