দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এ মূল্য সারা দেশে কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ভরিতে ৮১৬ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ৮ হাজার ৫৭৩ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম বলে জানিয়েছে সংস্থাটি।
স্বর্ণের দামে বড় লাফ
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক | মূলসূত্র- যমুনা টিভি







