প্রতিদ্বন্দ্বিতা করা ২৫৮ আসনের মধ্যে ১১৮টি আসনে ১ শতাংশের চেয়ে কম ভোট পেয়েছে চরমোনাই পীর সাহেবের দল ইসলামি আন্দোলন বাংলাদেশ (আইএবি)। যেসব আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি, সেগুলো যোগ করলে ১ শতাংশের কম ভোট পাওয়া আসনের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৬০টি। এমন তথ্য সামনে এনেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা সোচ্চারের বাংলাদেশের সভাপতি শিব্বির আহমেদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) নিজের ফেইসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে এসব তথ্য উপস্থাপন করেন তিনি।
দেশের ২৫৮টি আসনে নির্বাচনে অংশ নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই কম ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন তথ্য উঠে এসেছে এক পরিসংখ্যান বিশ্লেষণে।
পরিসংখ্যানে দেখা যায়, ২ থেকে ৫ শতাংশ ভোট পেয়েছে ১০৫টি আসনে। এছাড়া ৬ থেকে ১০ শতাংশ ভোট পেয়েছে ২১টি আসনে এবং ১১ থেকে ২০ শতাংশ ভোট পেয়েছে ৯টি আসনে। মাত্র পাঁচটি আসনে দলটির তুলনামূলক শক্ত অবস্থান দেখা গেছে। এর মধ্যে দুটি আসনে ভোট ২১ থেকে ৩০ শতাংশ এবং তিনটি আসনে ৩১ শতাংশের বেশি।
উপাত্তে আরও উল্লেখ করা হয়, মোট হিসেবে ২ শতাংশের বেশি ভোট পেয়েছে এমন আসনের সংখ্যা ১৪০টি।
এই তথ্যের উৎস হিসেবে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন–এর তথ্যের কথা উল্লেখ করেন। সংশ্লিষ্ট বিশ্লেষণে বলা হয়, ফলাফলগুলো থেকে বোঝা যায় দলটির ভোটভিত্তি কিছু নির্দিষ্ট এলাকায় তুলনামূলক শক্ত হলেও সার্বিকভাবে অধিকাংশ আসনে সমর্থন সীমিত রয়েছে।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৫৮টিতে নির্বাচন করেছিল।
পাবলিকিয়ান টুডে/এফএ







