চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নাটকীয় শেষের পর সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় নকআউট প্লে-অফে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্লে-অফে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা, যাদের কোচ হিসেবে রয়েছেন রিয়ালের সাবেক ম্যানেজার জোসে মোরিনহো।
ইউরোপিয়ান কাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের কারণে পয়েন্ট তালিকার শীর্ষ আটের বাইরে ছিটকে পড়ে। ফলে তাদের যেতে হচ্ছে প্লে-অফে। অন্যদিকে, বেনফিকা শেষ মুহূর্তের এক অবিশ্বাস্য গোলের সুবাদে প্লে-অফ নিশ্চিত করে। কর্নার কিক থেকে গোলরক্ষক আনাতোলি ট্রুবিন প্রতিপক্ষের বক্সে উঠে হেডে গোল করে দলকে পরবর্তী রাউন্ডে তুলে নেন।
এই ড্রয়ে রিয়াল মাদ্রিদের সামনে এসেছে পরিচিত প্রতিপক্ষ। সাবেক কোচ মোরিনিয়োর বিপক্ষে মাঠে নামতে হবে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে। একই সঙ্গে ইউরোপীয় ফুটবলের পুরোনো এক প্রতিদ্বন্দ্বিতাও নতুন করে আলোচনায় এসেছে। ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বশেষ চারবারের দেখায় তিনবারই জয় পেয়েছে বেনফিকা, যার মধ্যে ১৯৬২ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালও রয়েছে।
চলতি মৌসুমের গ্রুপ পর্বেও দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। বিপরীতে বেনফিকা ছিল সংগঠিত ও শৃঙ্খলিত রক্ষণে দৃঢ়। ম্যাচের শেষ দিকে ট্রুবিনের হেডে গোলেই জয় নিশ্চিত করে পর্তুগিজ ক্লাবটি।
রিয়ালের জন্য ওই ম্যাচটি আক্রমণে ধারাবাহিকতার অভাব ও গুরুত্বপূর্ণ মুহূর্তে ভোগান্তির চিত্রই তুলে ধরে। আর বেনফিকার কাছে এটি ছিল দলগত সংহতি, কৌশলগত ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রতিফলন।
প্লে-অফের অন্য ম্যাচগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে ফরাসি প্রতিদ্বন্দ্বী মোনাকোর। নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমট খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। জুভেন্টাসের প্রতিপক্ষ গালাতাসারাই, আর আতলেতিকো মাদ্রিদ লড়বে ক্লাব ব্রুজের সঙ্গে।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফ পর্ব ফেব্রুয়ারিতে দুই লেগে অনুষ্ঠিত হবে। এই পর্বের বিজয়ী দলগুলো জায়গা করে নেবে শেষ ষোলোতে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: ইএসপিএন







