যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে। এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। ফলে ট্রাম্পকে খুশি করতে মোদি ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন বলে মন্তব্য করা হচ্ছে।
বিবিসির তথ্য অনুযায়ী, শুক্রবার প্রকাশিত নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পাতা দলিল, ১ লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় ২ হাজার ভিডিও। এটি এপস্টেইন ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় পরিসরে নথি প্রকাশ।
ইসরায়েলভিত্তিক গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ই-মেইল নথির কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ রয়েছে। ওই ই-মেইলগুলোতে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফরের প্রসঙ্গ উঠে আসে। প্রতিবেদনে দাবি করা হয়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে মোদি এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন বলে ই-মেইলে উল্লেখ রয়েছে।
নথিতে এপস্টেইনের বরাতে বলা হয়েছে, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন এবং এতে ট্রাম্প খুশি হবেন বলে মত দেন। তার পরামর্শ অনুযায়ীই ২০১৭ সালে মোদি ইসরায়েল সফরে যান বলে দাবি করা হয়েছে। ওই সফরকে ঘিরে ই-মেইলে নাচ-গানের প্রসঙ্গও উল্লেখ রয়েছে।
এপস্টেইনের এসব দাবিসংবলিত নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে।
তবে এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’। তিনি আরও বলেন, এসব দাবির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং তা প্রত্যাখ্যান করা উচিত।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: ইত্তেফাক
[news_photocard_button text=”ডাউনলোড ফটোকার্ড”]







