ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানিয়েছে, এ জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
বিএনপি নেতারা জানান, জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়ন, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনভিত্তিক পর্যটন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর দেড়টার দিকে যশোরে পৌঁছে তিনি ক্রীড়া উদ্যানে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। যশোরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা।
যশোর জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর ভোগান্তি কমানোর কথা বিবেচনা করেই শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোর অঞ্চলের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের দাবির বিষয়টি তুলে ধরা হবে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সাংগঠনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: প্রতিদিনের সংবাদ







