বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তি। তবে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ইতিহাস ও চেতনাকে মুছে ফেলার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। কিন্তু একটা গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেলে দিলে আমাদের অস্তিত্বই থাকবে না।”
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ও নিজস্ব ভূখণ্ড অর্জন করেছে। এই স্বাধীনতা দেশের মানুষের বেঁচে থাকা, অগ্রগতির পথ প্রশস্ত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে। তাই একাত্তরের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই।
বিএনপি মহাসচিব আরও বলেন, “একাত্তর আমাদের নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। এই স্বাধীনতা আমাদের বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে।”
তিনি সতর্ক করে বলেন, একাত্তরের ইতিহাস ও চেতনাকে পেছনে ফেলে দিলে জাতির অস্তিত্বই হুমকির মুখে পড়বে। “কিন্তু একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব, এটিকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”
ধর্মের অপব্যবহার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা মানুষের সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে।
নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “পাঁচ বছরে আমরা একবারই ভোট দেওয়ার সুযোগ পাই। ভোট একটি আমানত, এটিকে খেয়ানত করা উচিত না।” তিনি আরও বলেন, জনগণের উচিত সেই প্রার্থীকে ভোট দেওয়া, যিনি ভোটের মর্যাদা রক্ষা করবেন এবং জনগণের স্বার্থে কাজ করবেন।
নির্বাচনী সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: কালের কণ্ঠ







