বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি সুপরিকল্পিত চেষ্টা চলছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আগামীতে কোন দিন হয়তো এমনও শুনতে হবে জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল!”
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে রাজনৈতিক দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দিচ্ছে।
তিনি বলেন, “একটি রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী-যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “গতকাল তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন।”
স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “তিনি দাবি করেছেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, অলি সাহেব দিয়েছেন।”
তিনি বলেন, এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। “কারণ যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে-এটাই স্বাভাবিক।” তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ প্রকৃত ইতিহাস জানে এবং জনগণ বোঝে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের নতুন করে উপস্থাপনের চেষ্টা আসলে “সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি”।
জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “জামায়াতে ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ভাড়া করে, একটি সাইনবোর্ড দেখাতে চাইছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে।” তিনি আরও বলেন, “কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না এবং আমরা বিশ্বাস করি, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।”
তিনি বলেন, দেশের দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তিগুলো ইতিহাস বিকৃতির এই প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই ধরনের বিভ্রান্তি ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ় প্রতিবাদ জানানো দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়ে নারীদের বিষয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলাম নারীদের চরমভাবে অপমান করেছে। তিনি বলেন, “গত কয়েকদিন আগে তারা এই দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে।” কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য ও কর্মঘণ্টা কমানোর প্রস্তাবকে তিনি নারীদের কর্মসংস্থান ধ্বংসের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দফতর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: বিডি প্রতিদিন







