পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, রমজান মাসে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।
প্রেসসচিব আরও জানান, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ প্রয়োজন ও সুবিধা অনুযায়ী আলাদা অফিস সময়সূচি নির্ধারণ করবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: যমুনা টিভি







