আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এ বছর বইমেলা চলবে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত, মোট ২৫ দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা। সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও এ বিষয়ে বাংলা একাডেমির অবস্থান তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে ড. সেলিম রেজা বলেন, ভাষা শহিদদের স্মরণে একুশে উদ্যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে প্রকাশক ও অংশীজনদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এই আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
তিনি বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং একাধিক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মেলার শুরুর তারিখ নির্ধারণ করা হয়।
ড. সেলিম রেজা জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে। তবে সামগ্রিকভাবে বইমেলা আয়োজনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বইমেলা আয়োজনের প্রস্তুতি প্রত্যাশামতো এগিয়ে চলছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে, সরকারের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাওয়া গেছে এবং স্টল নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচিও চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলায় অংশগ্রহণের জন্য গত বছর অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন করে ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। স্থান সংকুলানের সীমাবদ্ধতার কারণে গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে। এ ছাড়া বর্ধিত আকারের স্টলের জন্য ৫৬টি প্রতিষ্ঠান আবেদন করেছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠানও স্টল বরাদ্দ চেয়ে আবেদন করেছে।
ড. সেলিম রেজা জানান, বইমেলার প্রস্তুতি প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হওয়ার পর কয়েকজন প্রকাশক ঈদের পর মেলা আয়োজনের অনুরোধ জানান। তবে এপ্রিল মাসে তাপপ্রবাহ, ধুলোবালি, কালবৈশাখী ও বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় ওই সময়ে মাসব্যাপী বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয় বলে মত দেন তিনি।
তিনি বলেন, সার্বিক বাস্তবতা বিবেচনায় আগামী ২০ ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা শুরু হবে। কিছু চ্যালেঞ্জ থাকলেও প্রকাশকদের অংশগ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং পরিচালক সরকার আমিন। অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, পবিত্র রমজানের মধ্যে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় ইফতার, তারাবিহ এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বইমেলার সময়সূচি
মূল মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। একুশে ফেব্রুয়ারির দিন সকাল ৮টায় বইমেলার দুয়ার খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, অমর একুশে বইমেলা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: TBS বাংলা







