বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের মুক্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আরও পড়ুন: প্রবাসীরা কেবল রেমিট্যান্স যোদ্ধা নন, তারা এই দেশের গর্ব : জামায়াত আমীর
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে তার বাসা থেকে আটক (গ্রেফতার) করা হয়। এখন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা, অর্থাৎ ৩৫ ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখনও তাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি। আমাদের দাবি হলো, অনতিবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে।
তিনি আরও লেখেন, সংবিধান ও সিআরপিসি অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা যায় না। আমিরে জামায়াতের ক্ষমতার বলি হচ্ছে একজন নিম্নপদস্থ চাকুরিজীবী। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই লোকটা যেহেতু বেআইনিভাবে আটক আছে, এখন আইনের বিধান হচ্ছে ম্যাজিস্ট্রেট তাকে জামিনে মুক্তি দেবেন।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে নারীদের অবমাননার অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: মানুষ তোমাদের দেখেছে, এবার আমাদের একটু সুযোগ দাও
পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তার নামে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাবলিকিয়ান টুডে/এফএ







