সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়
ইনকিলাব মঞ্চ জানায়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনার সূত্রপাত হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
আরও পড়ুন: জীবন বিসর্জন দিলেও মা-বোনদের ইজ্জত ক্ষুণ্ন হতে দেব না: জামায়াত আমির
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বলে জানায় সংগঠনটি। এ সময় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হন।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।
পাবলিকিয়ান টুডে/এফএ মূলসূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস







