“কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। বিএনপি কখনোই বিরাজনীতিকরণের রাজনীতি করে না এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে” বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, “কোন রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক এটা বিএনপি কখনো চায় না। বিএনপি কখনোই বিরাজনীতিকরণের রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। যে গণতন্ত্রে অনেক রাজনৈতিক দল থাকবে। অনেক পথ ও মতের মানুষ থাকবে। অনেক সমালোচনা থাকবে। সবকিছু গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়।”
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে বাধ রাখা হয়েছে : জামায়াত আমীর
তিনি আরও বলেন, “আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি যোগদান করে নাই। এজন্য একটি দল বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল। বিএনপি আন্দোলনে না যাওয়া সত্ত্বেও ইন্টেরিয়াম গভর্মেন্ট তাদের ক্ষমতা বলে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।”
নির্বাচনী পরিবেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এস এম জিলানী বলেন, “আমি আগেও এ আসন থেকে দুই বার নির্বাচন করেছিলাম। কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই। তখন ভোট চাইবার কোনো পরিবেশ ছিল না। এখন একটি পরিবেশ তৈরী হয়েছে। এই পরিবর্তিত পরিবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।”
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।”
এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে এস এম জিলানী বলেন, “আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করব।”
পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।







