বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মীরা।
ডা. শফিকুর রহমানের ভ্যারিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে এ আবেদন করা হয়। যদিও পরে সংশ্লিষ্ট পক্ষ থেকে ওই মন্তব্যকে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ফল বলে দাবি করা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন আবেদনকারীরা।
এ সময় গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য সংবিধানস্বীকৃত নারী মর্যাদা ও সমতার পরিপন্থী। তিনি বলেন, এটি সমাজে নারীর প্রতি বিদ্বেষ ও বৈষম্যকে উসকে দিতে পারে।
লিখিত আবেদনে বলা হয়, কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য কুরুচিপূর্ণ ও অবমাননাকর, যা দেশের লাখো শ্রমজীবী নারীর সামাজিক অবদান ও আত্মমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।
আবেদনকারীরা উল্লেখ করেন, ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে ‘হ্যাকিং’ ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, কারণ এখন পর্যন্ত সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
তারা আরও বলেন, এ ধরনের বক্তব্য নারীর প্রতি ঘৃণা ও সহিংসতার পরিবেশ তৈরি করতে পারে, যা নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশের জন্য হুমকিস্বরূপ।
সিইসির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএ মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হানা এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী তাবাসসুম মেহেনাজ মিমি।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







