ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুলাভাই এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ.এফ.এম. রেজা ফয়েজ মিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। তার এই দলবদলের খবরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, আতঙ্ক ছড়ানোর অভিযোগ
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের গ্রামের বাড়ি নুরপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে মোবাইল ফোনের ভিডিও কলে যুক্ত হয়ে তিনি উপস্থিত গ্রামবাসীর উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
এ.এফ.এম. রেজা ফয়েজ মিয়া ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের স্বামী এবং সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর মামা। দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে নাশকতার মামলা হলে তিনি গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান।
স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে ভাঙ্গা উপজেলায় নানা আলোচনা ও জল্পনা চলছিল।
শুক্রবার রাতে নুরপুর গ্রামে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের নির্বাচনী উঠান বৈঠকের সময় বিএনপির উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে ফয়েজ মিয়া উপস্থিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজের দল পরিবর্তনের ঘোষণা দেন।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অস্ত্রধারী চারজন শনাক্ত, গ্রেপ্তার নেই
এ বিষয়ে খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, ফয়েজ মিয়া যুক্তরাষ্ট্র থেকে তাকে ভিডিও কলে সংযুক্ত হন। পরে লাউডস্পিকারের মাধ্যমে তার বক্তব্য উপস্থিত জনতার কাছে শোনানো হয়। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের পক্ষে থাকার অঙ্গীকার করেন।
ফয়েজ মিয়ার বিএনপিতে যোগদানের খবরে ভাঙ্গা উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়।







