ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনায় একটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে দুর্বৃত্তরা আগুন দেয়।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন
এ ঘটনায় বুথকক্ষে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট আগুনে পুড়ে গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ধারণা, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
পরদিন সকালে পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। পুলিশ জানায়, বিদ্যালয়ের সাতটি বুথের মধ্যে পুরাতন ভবনে চারটি বুথ ছিল। এর মধ্যে একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।







