ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ সাংবাদিক কার্ড প্রদানের নীতিমালা জারি করা হলেও সাতক্ষীরায় সেই নীতিমালা বাস্তবে যথাযথভাবে অনুসরণ না করে স্বেচ্ছাসেবক দল নেতা ও ফেসবুক পেজের পরিচালকদের সাংবাদিক কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙানো সাংবাদিক কার্ডপ্রাপ্তদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, পেশাগত সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিরাও বৈধ সাংবাদিক কার্ড পেয়েছেন। তালিকায় রয়েছে সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুহিত গাজীর নাম। তিনি অনিবন্ধিত ফেসবুকভিত্তিক ‘এ ওয়ান’ টিভির পরিচয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করেছেন। এ ছাড়া স্থানীয় ফেসবুক পেজ ‘আপন বাংলা’ এবং অনিবন্ধিত ‘গাঙচিল টিভি’ ও ‘এনএএন টিভি’-এর নামেও সাংবাদিক কার্ড ইস্যু করা হয়েছে।
আরও পড়ুন : ভোট কেন্দ্রে আগুন
খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরায় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের অনুমতির জন্য প্রায় এক হাজার ২০০ জন আবেদন করেন। এর মধ্যে ৭৯১ জনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক কার্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন : সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, আতঙ্ক ছড়ানোর অভিযোগ
এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরায় কর্মরত দৈনিক জনবাণী পত্রিকার সংবাদকর্মী এমডি রায়হান সিদ্দিকী। তিনি বলেন, “নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিক কার্ড দেওয়ার ক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে মানা জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পেশাগত সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন, এমন ব্যক্তি ও অনিবন্ধিত ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্মও কার্ড পাচ্ছে। এতে নির্বাচনী সংবাদ সংগ্রহের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “আমাদের কাছে একটি চেকলিস্ট রয়েছে। সেখানে অনুমোদিত জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের তালিকা আছে। সেই চেকলিস্ট অনুযায়ী যারা নির্ধারিত ক্রাইটেরিয়া পূরণ করতে পেরেছেন, শুধু তাঁদেরই কার্ড দেওয়া হয়েছে। আবেদন ছিল অনেক বেশি, রিজেক্টও হয়েছে অনেক।”
আরও পড়ুন : ভোটের দিন প্রার্থী ও এজেন্টদের যানবহন ব্যবহারে স্পষ্ট নির্দেশনা ইসির
তবে মাঠপর্যায়ে তালিকাভুক্ত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের নীতিমালার আলোকে সাংবাদিক কার্ড বিতরণ প্রক্রিয়া পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাবলিকিয়ান টুডে/এফএ । পাবলিকিয়ান টুডে ফেইসবুক
মূলসূত্র: এনপিবি নিউজ







