চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন। নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে অভিযুক্ত পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন—শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম।
পুলিশ জানায়, নির্বাচনের দিন চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, শনিবার বিশেষ আদালতের মাধ্যমে আটক পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে মাদক এবং সন্ত্রাস নির্মূলের কমিটমেন্ট করেছি।
তিনি বলেন, আমি চাই চাঁদপুরের মানুষ নিরাপদে এবং শান্তিতে থাকুক। যতদিন থাকবো, ততদিন আমি আমার নির্বাচনী এলাকায় কোন সন্ত্রাসী কার্যক্রম হতে দেব না।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর দলীয় কর্মীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় বার্তা দেবে।
পাবলিকিয়ান টুডে/ এন। সূত্র: আমার দেশ







