নোয়াখালীর হাতিয়ায় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় বিএনপি নেতাদের দ্বারা তিন সন্তানের জননী বিবি কুলসুম (৩২) নামের এক নারীকে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ উঠেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পে ভয়াবহ হামলাসহ ধর্ষণের এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে আওয়ামী লীগ নেতা ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বর্তমান বিএনপির নেতা বেলাল মাঝী (৫৫) ও তার সহযোগীরা এই হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— বেলাল মাঝী (৫৫), হেলাল কেরানি (৫০), খেবা জহির (৪৫), ইসমাইল (৪৫), কালা ইমরান (৩৫)।
তারা ছাড়াও রহমান (৩০)-এর নামে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, এবং ধর্ষণের সহযোগী হিসেবে মতিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযুক্তরা বিবি কুলসুমকে তার বসতঘর থেকে টেনে-হিঁচড়ে বিবস্ত্র অবস্থায় বাইরে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। এ সময় বাধা দিতে গেলে স্বামী জসিম উদ্দিনসহ আরও অন্তত ২০ জনকে মারধর ও বাড়িঘরে ভাঙচুর করা হয়।বর্তমানে বিবি কুলসুমসহ ১৩ জন আহত ব্যক্তি নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন— রোকসানা, আজিম, রুনা, পারভিন, ঝড়না ও শাবনুরসহ আরও কয়েকজন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে এনসিপি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক ও জাতীয় ছাত্রশক্তি প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত একটি ন্যাক্কারজনক মানবাধিকার লঙ্ঘন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
পাবলিকিয়ান টুডে/এফএ







