চাঁদাবাজি ও অপরাধ দমনে হটলাইন চালু হওয়া ফেনীতে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
ফেনী শহরের লালপুল এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ওই চাঁদা দাবির ঘটনা ঘটে সম্প্রতি। অভিযোগ রয়েছে, দলবল নিয়ে গিয়ে শ্রমিকদের হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মো. ইলিয়াছ নতুন বাড়ি নির্মাণ শুরু করলে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তার কাছ থেকে নির্মাণ সামগ্রী নিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে চাঁদা দাবি করা হয়।
ভুক্তভোগী ইলিয়াছ বলেন, “তার (শাহাবুদ্দিন) প্রস্তাবে রাজি না হওয়ায় শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার সঙ্গে দেখা করতে বলা হয়।” এদিকে শ্রমিক সুপারভাইজার রনি জানান, অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে এসে কাজ করতে নিষেধ করেন এবং পুনরায় কাজ করলে ‘খবর আছে’ বলে হুমকি দেন।
স্থানীয়দের দাবি, এর আগেও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে। অবশ্য অভিযুক্ত শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু নির্মাণ সামগ্রী ক্রয় করতে বলেছেন।
এ বিষয়ে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, কোনো পদধারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার খবর পাবার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, নিজ এলাকা ফেনীতে চাঁদাবাজি ও অপরাধ দমনে একটি হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। গত ২০ ফেব্রুয়ারি তাঁর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাবলিকিয়ান টুডে/এফএ ফেইসবুক সূত্র: ইনডিপেনডেন্ট টিভি







