ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট–এ নিয়মিত শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের সশস্ত্র হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আজ সোমবার (৩ মার্চ) ইনস্টিটিউটের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ।
ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইম–এর পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি দক্ষিণ গেট এলাকায় প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। বক্তারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।







