বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও কার্যকর করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে দুই দেশের সহযোগিতা নতুন মাত্রায় নিয়ে যেতে চায় নয়াদিল্লি।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।হাইকমিশনার বলেন, “পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য।”
তিনি জানান, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের ধারাবাহিকতায় ভবিষ্যতমুখী অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে উন্নয়ন সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণসহ বিভিন্ন খাতে জনমুখী অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং এসব ক্ষেত্রে ভারতের কারিগরি ও কৌশলগত সহায়তার বিষয়েও আলোচনা হয়।
প্রণয় ভার্মা বলেন, “ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আশা প্রকাশ করেন, এ সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।
পাবলিকিয়ান টুডে / এন। সূত্র: ইত্তেফাক







