নারী এশিয়ান কাপ-এ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলীয় একাদশে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।
আগের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে যে একাদশ খেলেছিল, সেখান থেকে কয়েকটি জায়গায় পরিবর্তন দেখা গেছে। বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমা এখনও একাদশে সুযোগ পাননি। টানা তৃতীয় ম্যাচেও গোলবার সামলানোর দায়িত্ব পেয়েছেন মিলি আক্তার।
রক্ষণভাগে অভিজ্ঞ শিউলি আজিমকে আগের ম্যাচে বাইরে রাখা হলেও আজ তাকে আবার দলে ফিরিয়েছেন কোচ। তিনি আইরিনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন। এছাড়া প্রথম ম্যাচে খেলা উমহেলা মারমাও আবার দলে ফিরেছেন।দলের আক্রমণভাগেও পরিবর্তন আনা হয়েছে। সুইডেনে জন্ম নেওয়া প্রবাসী ফুটবলার আনিকা রহমান আগের দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও এবার তাকে একাদশে রাখা হয়েছে। অন্যদিকে গত ম্যাচে একাদশে থাকা শামসুন্নাহার ও নবীরন আজ শুরুর দলে নেই।
গ্রুপ পর্বের এই ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা জোরালো হবে। সে কারণেই কোচ পিটার বাটলার আক্রমণভাগে শক্তি বাড়িয়ে দল সাজিয়েছেন।
ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থে। শহরটিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। পার্থ সময় বিকেল পাঁচটায় খেলা শুরু হওয়ায় কর্মব্যস্ত দিন শেষ করে অনেকেই স্টেডিয়ামে গিয়ে দলকে সমর্থন জানানোর প্রস্তুতি নিচ্ছেন।বাংলাদেশ–উজবেকিস্তান ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন ইরানের মানহাজ।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, শামসুন্নাহার, শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনিকা রহমান, উমহেলা মারমা।
পাবলিকিয়ান টুডে / এন।







