ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কুয়েতের আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটি, মোহাম্মদ আল-আহমদ নৌঘাঁটি এবং আলী আল-সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি নৌঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে আঘাত হানা হয়েছে বলে তাদের দাবি।সিপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কেন্দ্র মিনা সালমান বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে।
বিবৃতিতে বলা হয়েছে, একই সময়ে কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এর ফলে মোহাম্মদ আল-আহমদ এবং আলী আল-সালেম নৌঘাঁটিতে মার্কিন সেনাদের সরঞ্জামের হ্যাঙ্গার, আবাসন এবং সমাবেশ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনা, উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফার একটি নৌঘাঁটি এবং একটি রাডার ব্যবস্থা।
তবে এসব হামলার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: আল-জাজিরা







