রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, ভোয়াল্ল্যা ও মোনঘর কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১,৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,১৪৪ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৬৩৬ জন। উপস্থিতির হার ছিল ৬৪.২৭ শতাংশ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, জিএসটি পরীক্ষার কো-অর্ডিনেটর ড. তৌহিদুল আলম, সি ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য জানান, রাবিপ্রবি কেন্দ্রসহ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, পরীক্ষা পরিচালনা, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল। শিক্ষার্থী স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পেরেছে।
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতি পরীক্ষার্থীদের ইতিবাচক ধারণা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা, পরিবহন ও হোটেল মালিক সমিতি এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে একইদিনে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







