ময়মনসিংহ বিভাগে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০২৪-২০২৫, ২০২৩-২০২৪, ২০২২-২০২৩ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং এল এল এম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের পুরনো কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
এসময় তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সাধারণ জনগণের থেকে অনেক বেশি মেধাবী ও জ্ঞানী। তাই তোমাদের দায়িত্বও সাধারণ জনগণের থেকে অনেক বেশি। আমি শুনেছি তোমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তোমরাও ভবিষ্যতে দক্ষতার প্রদর্শনের মধ্য দিয়ে অনেক ভালো জায়গায় থাকবে বলে বিশ্বাস করি। তবে আমি আশা করি তোমরা তোমাদের পেশায় অনেক মানবিক হবে। শুধু পারিশ্রমিকের দিকে না তাকিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের দেশের অনেক দরিদ্র জনগণ রয়েছে, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব তোমাদের। সেইসকল দরিদ্র জনগণকে সচেতন করা এবং আইনি সহায়তা যত সহজে দেওয়া যায়, তা দেওয়ার মতো মানবিক মূল্যবোধ তোমাদের মধ্যে থাকতে হবে।
তিনি আরও বলেন, জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, তবেই তোমরা ভালো আইনজ্ঞ হতে পারবে। সবশেষে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি।’
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস।
এসময় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







