জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৪৩তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার এক যুগ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদ্যাপন করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিময় ক্যাম্পাসজীবন উদযাপন করেন।
সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। কেক কাটার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।
দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র্যালি, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, বিভিন্ন খেলাধুলা, বৃক্ষরোপণ, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, নৃত্য ও কনসার্টসহ নানা আয়োজন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরোনো বন্ধুত্ব ও স্মৃতিচারণে মেতে ওঠেন ব্যাচের শিক্ষার্থীরা।
‘এক যুগ পূর্তি উৎসব’-এর আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, “বন্ধুত্বের ১২ বসন্ত পেরিয়েও প্রিয় ক্যাম্পাসে আবার সবাইকে একসঙ্গে পাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। বন্ধুদের অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সফল ও স্মরণীয় আয়োজন সম্পন্ন হয়েছে। আমাদের বন্ধুত্ব যুগ যুগ ধরে অটুট থাকুক।”
সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক বলেন, “বন্ধুত্বের এই বন্ধন আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এক যুগের পথচলায় আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। ভবিষ্যতে নিজেদের আরও প্রতিষ্ঠিত করে দেশ ও বিশ্বের জন্য নতুন কিছু করার চেষ্টা থাকবে।”
উৎসবের ট্রেজারার এ এস এম শফি কামাল বিপ্লব বলেন, “জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা আজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও ৪৩তম ব্যাচের এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।”
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







