আনোয়ার হোসাইন, এম ইউ প্রতিনিধি
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সম্মেলন। আগামী ১৭ ও ১৮ জুলাই (২০২৬) ‘ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি কনফারেন্স অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস-২০২৬ (NICSDG-2026)’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS)। এ উপলক্ষে দেশের তরুণ ও আগ্রহী গবেষকদের কাছ থেকে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে।
আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ১৩ জুন (২০২৬) তারিখের মধ্যে আগ্রহী গবেষকদের তাদের গবেষণাপত্রের সারসংক্ষেপ (Abstract) জমা দিতে হবে। সম্মেলনে ইঞ্জিনিয়ারিং, পলিসি, ল, সোশ্যাল ইনোভেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন, ক্লাইমেট অ্যাকশন এবং গ্লোবাল পার্টনারশিপসহ ৯টি ভিন্নধর্মী ট্র্যাকের ওপর গবেষণাপত্র গ্রহণ করা হবে।
এই সম্মেলনের অন্যতম বড় আকর্ষণ হলো— এখানে উপস্থাপিত শ্রেষ্ঠ গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক প্রকাশনা ফি মুক্ত (APC-free) ওপেন এক্সেস জার্নালে প্রকাশের সুযোগ পাবে। এছাড়া, প্রতিটি সেশনে অংশগ্রহণকারী গবেষকদের উৎসাহিত করতে ‘বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
সম্মেলনের মূল উদ্দেশ্য হলো গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃবিভাগীয় সমন্বয় তৈরি করা। সম্মেলনটির তাৎপর্য তুলে ধরে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, “NICSDG-2026 কেবল একটি একাডেমিক সম্মেলন নয়, বরং এটি একটি জাতীয় গবেষণামঞ্চ। প্রযুক্তিবিদ, আইনজীবী, অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নের একটি সমন্বিত রোডম্যাপ তৈরিতে এই সম্মেলন অনন্য ভূমিকা রাখবে। তরুণ গবেষকদের সৃজনশীল গবেষণাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রদানই আমাদের মূল লক্ষ্য।”
একাডেমিক বিশ্লেষকদের মতে, মেট্রোপলিটন ইউনিভার্সিটির এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে গবেষণাধর্মী মানসিকতা তৈরি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক সহায়ক হবে। অর্জিত জ্ঞানের প্রয়োগ এবং পেশাদার গবেষণার ক্ষেত্র প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে এই ধরনের আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীর দূরদর্শী দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় MURS এ ধরনের মানসম্মত গবেষণার পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও গবেষণা তত্ত্বাবধায়কগণের একনিষ্ঠ পরামর্শ এই সম্মেলনকে সফল করতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য ও সারসংক্ষেপ জমা দেওয়ার নিয়মাবলী MURS-এর অফিশিয়াল ওয়েবসাইটে (𝘄𝘄𝘄.𝗺𝘂𝗿𝘀.𝗺𝗲𝘁𝗿𝗼𝘂𝗻𝗶.𝗲𝗱𝘂.𝗯𝗱) পাওয়া যাবে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







