বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে বিক্ষোভ মিছিলের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ। উপদেষ্টা আসিফের পদত্যাগ চেয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বৈষম্যবিরোধীদের কেউ নন এমনটাই জানান কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বল হয়, এই মিছিলের সাথে কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে যুক্ত কতিপয় রাজনৈতিক কর্মী নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক মিছিলে নিয়ে আসে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ব্যানারটিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হয়েছে বলে প্রতীয়মান হয়।এতে আরও বলা হয়, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল, সেই ঐতিহাসিক ব্যানারকে ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের মাধ্যমে উপদেষ্টার মর্যাদা ক্ষুণ্নের অপচেষ্টা করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই হীন ও উদ্দেশ্যপ্রণোদিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।মিছিলে অংশগ্রহণকারীদের ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অননুমোদিত ব্যক্তিবর্গ কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহারকারীদের প্রচলিত আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানানো হয়েছে। এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে মিছিলে অংশগ্রহণকারী দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে। অন্যথায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অননুমোদিত ব্যক্তিবর্গ কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহারের প্রতিবাদে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.






